Revolutionary democratic transformation towards socialism

বিশ্ব সন্ত্রাসবাদের মোড়ল মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শান্তিকামী জনতার সংহতি ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান


ইরানে মার্কিন সাম্রাজ্যবাদ ও জায়নবাদী ইজরাইলের যৌথ আগ্রাসন মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ, গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১ মার্চ ২০২৬, রবিবার, বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বিক্ষোভ মিছিলটি রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবন থেকে শুরু হয়ে পল্টন মোড়, তোপখানা সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। 

সমাবেশে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে। ইরানে সামরিক হামলা, রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা, স্কুলে বোমা হামলা চালিয়ে নির্বিচারে শিশু হত্যা, এমনকি ইরানের সরকারবিরোধী আন্দোলনরত বামপন্থী ও অপরাপর বিরোধী শক্তির অবস্থানসমূহে বোমা হামলা পরিচালনা করে মার্কিন ও ইজরাইল গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে দিয়েছে। 

তিনি বলেন, ইরানে নতুন করে এই সামরিক অভিযান একটি মানবতাবিরোধী, ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী আগ্রাসন। এই বর্বরতার প্রতিবাদ করা থেকে বিরত থাকা বা দ্ব্যর্থতা প্রদর্শনের কোনো সুযোগ নেই। তিনি পৃথিবীর শান্তিকামী মানুষের পাশাপাশি বাংলাদেশের মুক্তিকামী জনতার প্রতি এই আগ্রাসনের বিরুদ্ধে সংহতি আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। 

সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, পৃথিবী আজ ফ্যাসিবাদ, যুদ্ধ ও পরিবেশ ধ্বংসের এক নতুন যুগে প্রবেশ করেছে। এককেন্দ্রিক বিশ্বে মার্কিন সাম্রাজ্যবাদী আধিপত্য গোটা পৃথিবীকে এমনভাবে গ্রাস করেছে যে, বিভিন্ন জাতি ও রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্বের ধারণা অর্থহীন হয়ে পড়েছে। 

তিনি বলেন, বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার তার বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে শর্তহীন মার্কিন আনুগত্যের প্রমাণ দিয়েছে। সদ্য ক্ষমতাসীন বিএনপি সরকারও অল্প সময়ের মধ্যেই মার্কিন সাম্রাজ্যবাদ তোষণ ও তাদের আজ্ঞা পালনে যে নিষ্ঠা প্রদর্শন করেছে, তাতে দেশের মানুষ ইতোমধ্যে ভীতসন্ত্রস্ত। 

তিনি দেশে দেশে সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম তীব্রতর করা এবং আন্তর্জাতিকতাবাদী সংহতি আন্দোলন জোরদার করার আহ্বান জানান। 

আগামীকাল ২ মার্চ ২০২৬, সোমবার, বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্যোগে মার্কিন আগ্রাসন ও যুদ্ধের প্রতিবাদে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। 

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..