Revolutionary democratic transformation towards socialism

বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে দুদক কার্যালয় অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের মিছিল


দুর্নীতিবাজদের গ্রেপ্তার, বিচার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্তের দাবি বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধার ও ফেরত আনা, দুর্নীতিবাজদের গ্রেফতার-বিচার এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করার দাবিতে আজ ১৫ ফেব্রুয়ারি, ২০২১ দুর্নীতি দমন কমিশন- দুদক অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। সকালে নগরীর পল্টন মোড়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে মিছিলপূর্ব সমাবেশ বক্তব্য রাখেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কেন্দ্রীয কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটির সদস্য মানস নন্দী, ইউসিএলবি’র সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ, গণসংহতি আন্দোলনের সম্পাকমন্ডলীর সদস্য মনিরউদ্দিন পাপ্পু, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক। সভা পরিচালনা করেন বাসদ নেতা খালেকুজ্জামান লিপন। সমাবেশে জোট নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার তার কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখতে এবং সীমাহীন লুটপাট-দুর্নীতির স্বার্থে দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে দিয়েছে। দুর্নীতি দমন কমিশন পরিণত হয়েছে নখ দন্তহীন বাঘে। নেতৃবৃন্দ বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ লুটপাটের শিকার হওয়ায় আর্থিকখাতে চরম নৈরাজ্য সৃষ্টি হয়েছে। প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। দফায় দফায় শেয়ার বাজার থেকে সাধারণ বিনিয়োগকারীদের সর্বস্ব লুটে নেয়া হয়েছে। এমনকি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির মতো ঘটনা প্রত্যক্ষ করেছে দেশবাসী। অথচ এসকল ঘটনায় জড়িত রাঘব-বোয়ালদের দুদক এখন পর্যন্ত আইনের আওতায় আনতে পারেনি। নেতৃবৃন্দ অভিযোগ করেন, দুদক লোকদেখানো কিছু পদক্ষেপের বাইরে দেশের দুর্নীতি ও লুটপাটের মূল হোতাদের ধারে কাছেও পৌছানোর ক্ষমতা রাখে না। তারা বলেন, দুদকের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব তাদের পালন করতে হবে নাইলে পদ ছাড়তে হবে। সমাবেশ থেকে অবিলম্বে দুর্নীতি-লুটপাটকারীদের গ্রেফতার ও বিচার, দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার ও ফেরত আনার জন্য দুদককে কার্যকর উদ্যোগ গ্রহনের দাবি জানানো হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সেগুনবাগিচাস্থ দুদুক কার্যালয় অভিমুখে যাত্রা করে। বিপুল সংখ্যক পুলিশ পথিমধ্যে সেগুনবাগিচা বারডেম হাসপাতালের সামনে শান্তিপূর্ণ মিছিলে বাধা দেয়। জোটের নেতা-কর্মিরা সেখানে অবস্থান নেয় এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই গড়ে তোলার অঙ্গীকার করে কর্মসূচি সমাপ্ত হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..