আজ ১৯ অক্টোবর ২০২০, সোমবার খুলনায় আটরায় বাম গণতান্ত্রিক জোটের পূর্ব নির্ধারিত অবরোধ কমূসচিতে পুলিশের গুলিবর্ষণ, টিয়ারসেল নিক্ষেপ ও লাঠি চার্জের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। পার্টি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম বিবৃতিতে বলেন, রাষ্ট্রায়ত্ত বন্ধ পাটকল খুলে দেয়ার দাবিতে বাম গণতান্ত্রিক জোটের অবরোধ কর্মসূচিতে ইস্টার্ণ জুট মিলের অভ্যন্তরে শ্রমিক কলোনীতে ঢুকে পুলিশ নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ নির্বিশেষে শারীরিক নির্যাতন চালিয়েছে। পুলিশের লাঠি চার্জে ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদ, ইউসিএল’র সম্পাদকম-লীর সদস্য কমরেড রনজিৎ চট্টপাধ্যায়, সিপিবি নেতা কমরেড এস এম চন্দনসহ শতাধিক নেতাকর্মী আহত হন।
পুলিশ কর্মসূচি থেকে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা, সদস্য সচিব ও সিপিবি নেতা এস এ রশিদ, যুগ্ম আহ্বায়ক ও বাসদ নেতা জনার্দন দত্ত নান্টু, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, শ্রমিকনেতা অলিয়ার রহমান, ছাত্র ফেডারেশনের নেতা আল-আমিন শেখ, গণসংহতি আন্দোলনের নেতা মুনীর চৌধুরী সোহেলসহ বিশের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে।
নেতৃবৃন্দ বলেন, সরকারের এই ধরণের আচরণ ফ্যাসিবাদী দুঃশাসনেরই বহিঃপ্রকাশ। নেতৃবৃন্দ সরকার ও পুলিশের এই ধরণের আচরণের তীব্র নিন্দা জানান। অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। নেতৃবৃন্দ দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান।
Login to comment..