সাভারে স্কুলশিক্ষার্থী নীলা রায়কে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে হত্যা, খাগড়াছড়িতে আদিবাসী নারীর গণধর্ষণ, সিলেটে ছাত্রাবাসে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
আজ ২৬ সেপ্টেম্বর এক বিবৃতিতে সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহম্মদ শাহআলম বলেন, সরকারের নিস্ক্রিয়তায় পাহাড় থেকে সমতল সর্বত্র নারীধর্ষণ, নিপীড়ন, সহিংসতা বৃদ্ধি পেয়েছে। নেতৃবৃন্দ বলেন, নারী নিপীড়ক ও ধর্ষকদের সাহস এমন পর্যায়ে উপনীত হয়েছে যে, তারা লোকচক্ষুর সামনে, পরিবারের সদস্যদের বেঁধে রেখে ঘরে ঢুকে বা ছাত্রাবাসের অভ্যন্তরে নারীদের গণধর্ষণ করছে। পরিস্থিতির এমন বিপর্যয় ঘটেছে যে ধর্ষক-নিপীড়করা নির্যাতিত এবং নির্যাতিতদের পরিবারকে নির্যাতন ও এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে।
নেতৃবৃন্দ সভারে নীলা রায়ের হত্যাকারী গ্রেফতার হওয়া খুনি মিজানের অবিলম্বে বিচারকার্য শুরু করে দ্রুততম সময়ের মধ্যে যথোপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান। নেতৃবৃন্দ খাগড়াছড়িতে একজন আদিবাসী নারীকে দলবদ্ধভাবে ধর্ষণকারী নয়জন সেটেলার বাঙ্গালীকে এবং সিলেটের ছাত্রবাসে গৃহবধুকে গণধর্ষণকারী ছাত্র নামের কলংক ছাত্রলীগের সন্ত্রাসী ধর্ষকদের অবিলম্বে গ্রেফতার করে বিচরের আওতায় আনার দাবি জানান।
নেতৃবৃন্দ সরকারের নিস্ক্রয়তায়, প্রভাবশালীদের প্রশ্রয়ে ক্রমবর্ধমান নারী হত্যা, ধর্ষণ, নিপীড়ন, পারিবারিক সহিংসতার বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার এবং সেই সাথে নারী ধর্ষক, নিপীড়কদের বিরুদ্ধে স্ব স্ব এলাকায় গণ প্রতিরোধ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান।
Login to comment..