## গণসংযোগকালে সিপিবি প্রার্থী ডা. সাজেদুল হক রুবেল
### মোহাম্মদপুরে প্রচারকাজে আওয়ামীলীগের বাঁধা ও উত্তরায় হুমকি প্রদান
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়রপ্রার্থী সিপিবি মনোনীত প্রার্থী ডা. আহম্মদ সাজেদুল হক রুবেল বলেছেন, গরিব-মেহনতী মানুষকে অসুন্দর রেখে ঢাকা শহরকে সুন্দর করা যাবে না। তিনি ধনী-গরিব নির্বিশেষে সব ঢাকাবাসীর কল্যাণে সমুন্নিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের অঙ্গীকার করেন। আজ ১৮ জানুয়ারি সকালে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ডা. রুবেল। এসময় তার সঙ্গে ছিলেন সিপিবি’র অন্যতম সম্পাদক আহসান হাবিব লাবলু, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান তারিক চৌধুরী, আসলাম খান, লুনা নূর, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, কৃষকনেতা সুকান্ত শফি কমল, ক্ষেতমজুর নেতা মোতালেব হোসেন, মোহাম্মদপুর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জামাল হায়দার মুকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিকালে মোহাম্মদপুর

টাউন হল প্রাঙ্গণে পূর্ব নির্ধারিত পথসভা চলাকালে ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নামধারী আকবর হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রচারকাজে বাঁধা দেয় ও হুমকি প্রদান করে। এছাড়া উত্তরার আজমপুরে নৌকা মার্কার সমর্থকরা সিপিবি ও গার্মেন্ট শ্রমিক নেতা জয়নাল আবেদীনকে কাস্তে মার্কার প্রচার কাজ করায় ‘হুমকি ধামকি’ দেয় ও প্রচার কাজ থেকে বিরত থাকতে বলে। মোহাম্মদপুরে প্রচারকাজে বাধা ও উত্তরায় হুমকি প্রদানের ঘটনায় সিপিবি’র নির্বাচনী কমিটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের বিচার দাবি করে।
পথসভায় মেয়রপ্রার্থী রুবেল বলেন, হুমকি ধামকি দিয়ে সিপিবি নেতা-কর্মীদের পিছু হটানো যাবে না। তিনি ঢাকা উত্তর সিটি নির্বাচনে ভোটারদের ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে তাঁদের রায় প্রদানের আহ্বান জানান।
এছাড়াও কাফরুল-মিরপুর-উত্তরা-বাড্ডা-হাতিরঝিল-তেজগাঁও এলাকায় পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।