বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম আজ ১৮ ডিসেম্বর এক বিবৃতিতে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের হেয় করে গত ১৫ ডিসেম্বর সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে রাজাকারদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর অবিলম্বে অপসারণ ও তালিকা প্রণয়ন কাজের সাথে যুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, যথাযথ যাচাই বাছাই না করেই রাজাকারদের তালিকা জনসম্মুখে প্রকাশ করে মন্ত্রী চরম অযোগ্যতার প্রমাণ দিয়েছেন। প্রকাশিত তালিকায় একাত্তরের রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধাদের নাম এমনকি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী, যিনি ভাষা সংগ্রামী এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাঁর নামও রাজাকারের তালিকায় এনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সমস্ত মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন। যা একইসাথে দেশের ভাবমুর্তি ক্ষুণ্ন ও দেশবাসীকেও অপমাণ করা। এই তালিকা যদি অসাবধানতাবশতও করা হয়ে থাকে তবে এই অপরাধের জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যদি ষড়যন্ত্রমূলকভাবে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটানো হয়ে থাকে, তা দেশদ্রোহিতার শামিল এবং দায়ীদের দেশদ্রোহিতার অপরাধে অভিযুক্ত করে বিচার করা আবশ্যক।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে অযোগ্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর অপসারণ, রাজাকারদের তালিকা প্রণয়নের সাথে জড়িতদের বিচার ও ঘোষিত তালিকা বাতিল করে প্রকৃত রাজাকারদের তালিকা প্রণয়নের দাবি জানান।
নেতৃবৃন্দ আরো বলেন, রাজাকারের তালিকা করার চাইতেও গুরুত্বপূর্ণ হলো সমাজ ও রাষ্ট্রে সমাজতন্ত্র,গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাসহ মুক্তিযুদ্ধের মৌল চেতনা পুনঃপ্রতিষ্ঠিত করা। ন্যাক্কারজনক রাজাকার তালিকা করার মাধ্যমে বিতর্ক সৃষ্টি করে সরকার যাতে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে না নিতে পারে সেইদিকেও দেশবাসীকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।
Login to comment..