Revolutionary democratic transformation towards socialism

খুলনার শ্রমিকনেতা আব্দুল মালেক মোল্লার মৃত্যুতে সিপিবির শোক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা জেলা কমিটির সাবেক সদস্য, ফুলতলা উপজেলা কমিটির সাবেক সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা কমিটির সাবেক সভাপতি, আলিম জুট মিল সিবিএ’র নির্বাচিত সহ-সভাপতি কমরেড আব্দুল মালেক মোল্লার মৃত্যুতে সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রয়াতের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সিপিবির নেতৃবৃন্দ বলেন, কমরেড আব্দুল মালেক মোল্লা শ্রমিকদের প্রাণপ্রিয় নেতা ছিলেন। কল-কারখানা বিরাষ্ট্রীয়করণ নীতির বিরুদ্ধে, বন্ধ হয়ে যাওয়া কল-কারখানা খুলে দেয়ার দাবিসহ শ্রমিক শ্রেণির নানা দাবিতে তিনি সব সময় সোচ্চার ছিলেন। খুলনায় শ্রমিক শ্রেণির লড়াইয়ে সামনের কাতারে থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন। শ্রমিক আন্দোলনের পাশাপাশি কমিউনিস্ট পার্টি গড়ে তোলার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর সদস্য হিসেবে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, কমরেড মালেক মোল্লার অবদান অবদান স্মরণীয় হয়ে থাকবে। শ্রমিক শ্রেণি ও তার পার্টি কমিউনিস্ট পার্টির প্রতিদিনকার লড়াইয়ের মধ্যেই তিনি বেঁচে থাকবেন। তাঁর অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নে তাঁর লড়াইয়ের পথ ধরেই আমরা অগ্রসর হবো। নেতৃবৃন্দ প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, কমরেড আব্দুল মালেক মোল্লা আজ ১৮ মার্চ সকাল ৯টা ৩০ মিনিটে খুলনার ফুলতলায় মৃত্যুবরণ করেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি কয়েক বছর ধরে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। সিপিবির শেষ শ্রদ্ধা নিবেদন সিপিবির নেতা-কর্মীরা ‘কমিউনিস্ট ইন্টারন্যাশনাল’ গেয়ে এবং লাল সালাম জানিয়ে আজ দুপুরে প্রয়াত কমরেডকে শেষ বিদায় জানান। এর আগে তাঁর মরদেহ ‘কাস্তে-হাতুড়ি’ খচিত লাল পতাকা দিয়ে ঢেকে দেয়া হয় এবং মরদেহে সিপিবিসহ বিভিন্ন দল-সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সমন্বয় কমিটির সমন্বয়ক কমরেড এস এ রশীদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা কমিটির সভাপতি কমরেড ডা. মনোজ দাশ প্রমুখ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..