Revolutionary democratic transformation towards socialism

শ্রমিক হত্যার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বিবৃতি আন্দোলনরত গার্মেন্ট শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মেনে নাও

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম আজ ৮ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার এক বিবৃতিতে শ্রমিক হত্যার প্রতিবাদ জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, নতুন সরকার আন্দোলন দমন করতে শ্রমিক হত্যার পথ নিয়েছে। তারা আরো বলেন, প্রয়োজনে জনতার আদালতে এই শ্রমিক হত্যার বিচার করা হবে। বিবৃতিতে অবিলম্বে আন্দোলনরত গার্মেন্ট শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেয়ার আহবান জানানো হয়। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, গত ২৯ নভেম্বর ২০১৮ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে গার্মেন্ট শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করলে তখনি সিপিবিসহ শ্রমিক স্বার্থের প্রতিনিধিত্বকারী ট্রেড ইউনিয়নসমূহ প্রতিবাদ জানিয়েছিল। সরকার মালিকপক্ষের সাথে মিলে মজুরি বৃদ্ধির নামে শ্রমিকদের সাথে যে প্রতারণা করেছে তার পরিণতিতেই আজ দেশের সর্ববৃহৎ শিল্পখাতে তীব্র শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নতুন মজুরি কাঠোমোতে হেলপারের মজুরি কিছুটা বৃদ্ধি পেলেও শিল্পের অধিকাংশ শ্রমিকের মজুরি যৎসামান্য বৃদ্ধি করা হয়েছে। অপারেটরদের মজুরি কারখানাভেদে কোন কোন ক্ষেত্রে কমে গিয়েছে। নেতৃবৃন্দ বিবৃতিতে গত দুই দিন আব্দুল্লাহপুর, দক্ষিণখান, গাজীপুর, সাভার এলাকায় শ্রমিকদের ওপর পুলিশ ও সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ অবিলম্বে দমন-পীড়ন বন্ধ করে প্রকৃত শ্রমিকপ্রতিনিধিদের সাথে আলোচনা এবং শ্রমিকপক্ষের ন্যায্য দাবি মেনে নেওয়ার মাধ্যমে সংকট সমাধানের দাবি জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..