আজ ২৪ এপ্রিল বিকেল ৪টায় রানা প্লাজার সামনে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত সমাবেশে মনজুর বলেন, দুঃখজনক হলো রানা প্লাজার ধ্বসের দুই বছরেও নিহত ও আহত শ্রমিকরা ক্ষতিপূরণ পায়নি। শ্রমিকদের ক্ষতিপূরণ নিয়ে নানা তালবাহানা চলছে। তিনি ক্ষতিপূরণ নিয়ে অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করে অবিলম্বে ক্ষতিপূরণের প্রদানের দাবি জানান।
সমাবেশে মনজুর বলেন, রানা প্লাজার শ্রমিকদের কাকে কত টাকা কি বাবদ দেশ বিদেশ থেকে অনুদান ও সহযোগিতা করা হয়েছে তা গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশের দাবি আমরা জানিয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত সে ব্যাপারে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেননি। তিনি বলেন, কাল বিলম্ব না করে সকল হিসাব জনসম্মুখে প্রকাশ করা হোক।
তিনি রানা প্লাজার হত্যাকান্ডের জন্য দায়ী সরকারি কর্মমর্তাসহ সকলের গ্রেফতার ও শাস্তি দাবি করেন। মনজুর বলেন বিদেশি ক্রেতা সংস্থাগুলোর যারা এখনও ক্ষতিপূরণ বাবদ কোন টাকা প্রদান করেনি তাদের অবিলম্বে তা প্রদান করতে হবে। বিদেশি ক্রেতারা যদি ন্যায্য মূল্যে পোশাক কিনেন তাহলে শ্রমিকরাও ন্যায্য মজুরি পাবে এবং নিরাপদ কারখানা নিশ্চিত করা যাবে।
সমাবেশে মণ্টু ঘোষ বলেন, নিহত, নিখোঁজ ও স্থায়ীভাবে অক্ষম শ্রমিকদের সারা জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। তিনি রানা প্লাজা ক্লেইমস এ্যাডমিনিস্ট্রেশনের চিঠিতে ক্ষতিপূরণ সংক্রান্ত যে মিথ্যাচার করা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে ক্ষতিপূরণ নির্ধারণে বৈষম্য দূর করতে হবে এবং অনিয়ম, অব্যবস্থাপনা বন্ধ করতে হবে। খুনি সোহেল রানার সম্পত্তি বাজেয়াপ্ত করে রানা প্লাজার শ্রমিকদের পূনর্বাসন ও ২৪ এপ্রিলকে শোক দিবস ঘোষণার দাবি জানান।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মণ্টু ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগ্রামী উপদেষ্টা কমরেড মনজুরুল আহসান খান, সংগঠনের সহ-সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার, সাভার কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আজম খান বাবু, সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি সাইফুল্লা আল মামুন, সাধারণ সম্পাদক কে এম মিণ্টু, আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক শাজাহান, রানা প্লাজা গার্মেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল ইসলাম, তাজরীন ফ্যাশন শ্রমিক ইউনিয়নের সভাপতি জরিনা আক্তার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক দীপাঞ্জন সিদ্ধান্ত কাজলসহ রানা প্লাজার আহত শ্রমিক ও নিহত শ্রমিকের পরিবারবর্গ। সমাবেশে প্রতিবাদী গণ সংগীত পরিবেশন করে সাভার উদীচীর শিল্পীবৃন্দ।
এছাড়া বাড্ডা, উত্তরা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্প এলাকায় গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
বার্তা প্রেরক
জলি তালুকদার
Login to comment..