Revolutionary democratic transformation towards socialism

কমরেড মণি সিংহের মৃত্যুবার্ষিকীতে কমরেড সেলিম “আদর্শের রাজনীতির অনন্য প্রতীক”

উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, ঐতিহাসিক টঙ্ক আন্দোলনের নেতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম নেতা, প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টামণ্ডলীর সদস্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মণি সিংহের ২৮তম মৃত্যুবার্ষিকীতে আজ ৩১ ডিসেম্বর সকালে শ্যামপুর শ্মশানে তাঁর স্মৃতিফলকে ও সিপিবির কেন্দ্রীয় অফিসে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শ্রদ্ধানিবেদনকালে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, কমরেড মণি সিংহ এ দেশের কমিউনিস্ট আন্দোলনের বিপ্লবী ঐতিহ্যের প্রতীক। শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ বিনির্মাণের জন্য এ ভূখন্ডে যাঁরা কমিউনিস্ট আন্দোলনের গোড়পত্তন করেছিলেন, তিনি তাঁদের অন্যতম। তাঁর সংগ্রাম, আত্মত্যাগ, নিষ্ঠা, সততা, সাহস, দৃঢ়তা, বিচক্ষণতা কমিউনিস্ট কর্মীদের কাছে অনুসরণীয় হয়ে আছে। শোষিত-বঞ্চিত মানুষের প্রতি তাঁর ছিল অকৃত্রিম দরদ-ভালোবাসা, আদর্শের প্রতি অবিচল আনুগত্য। কমরেড সেলিম আরও বলেন, দুর্বৃত্তায়িত রাজনীতির বিপরীতে আদর্শের ঝান্ডা ধরে শোষিত-বঞ্চিত মানুষের লড়াইকে অগ্রসর করতে কমরেড মণি সিংহ আমাদের প্রেরণা জুগিয়ে চলেছেন। তাঁর বিপ্লবী জীবন থেকে শিক্ষা নিয়ে আদর্শভিত্তিক রাজনীতিকে অগ্রসর করতে হবে। তিনি আমাদের প্রতিদিনের লড়াইয়ে পথ দেখাচ্ছেন। তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শ্রদ্ধানিবেদনকালে আরও উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, অনিরুদ্ধ দাশ অঞ্জন, কেন্দ্রীয় কমিটির সম্পাদক আহসান হাবিব লাবলু, রুহিন হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মাহবুবুল আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য মণ্টু ঘোষ, আব্দুল কাদের, ঢাকা কমিটির নেতা আবু তাহের বকুল, বিকাশ সাহা, নূরুল ইসলাম গাজী, আরিফুল ইসলাম নাদিম প্রমুখ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..