Revolutionary democratic transformation towards socialism

আবদুল্লাহ আল ক্বাফীর নির্বাচনী অঙ্গীকার ঘোষণা সবার জন্য বাসযোগ্য মানবিক ঢাকা গড়ে তুলতে চাই


নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী রতন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে সিপিবি-বাসদসহ বাম-প্রগতিশীলদের সমর্থিত ‘সবার জন্য বাসযোগ্য ঢাকা আন্দোলনের’ প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী (কাফি রতন) আনুষ্ঠানিকভাবে তাঁর ৭১ দফা নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেছেন। আজ ১৬ এপ্রিল সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং প্রার্থীকে পরিচয় করিয়ে দেন সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাসদ-এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান ও নাগরিক কমিটির পক্ষ থেকে অধ্যাপক এম এম আকাশ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ অধ্যাপক মোয়াজ্জেম হোসাইন, শিক্ষাবিদ এ এন রাশেদা, ব্যারিস্টার জেনিফার জব্বার, অধ্যাপক আবিদুর রেজা, শ্রমিকনেতা রাজেকুজ্জামান রতন, আদিবাসী নেতা দীপায়ন খীসা, ক্ষেতমজুর নেতা শামছুজ্জামান সেলিম, নারীনেত্রী লক্ষ্মী চক্রবর্তী, কৃষকনেতা কাজী সাজ্জাদ জহির চন্দন, গার্মেন্ট শ্রকিকনেত্রী জলি তালুকদার, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান সাজ্জাদ হোসেন নিশি ও তাহমিনা খান, সিপিবি নেতা ডা. সাজেদুল হক রুবেল, বস্তিবাসী নেত্রী কুলসুম বেগম, গার্মেন্টস নেত্রী নাসিমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে রামপুরায় বাড়ি ধসে ১২ জন নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে নিরবতা পালন করা হয় এবং তুহিন কান্তি দাসের

নেতৃবৃন্দ আবদুল্লাহ আল ক্বাফীর পক্ষে সমর্থন ঘোষণা করেন
গাওয়া আবদুল্লাহ আল ক্বাফীর নির্বাচন থিম সংগীত শোনানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রমিকনেতা আসলাম খান। আবদুল্লাহ আল ক্বাফী রতন বলেন, আমরা চাই স্বচ্ছ ও জবাবদিহিতাসম্পন্ন নগর প্রশাসন ও নগর নেতৃত্ব। আমরা দরিদ্র বস্তিবাসী ও শ্রমজীবীদের জন্য চাই উপযুক্ত নাগরিক সেবাসমূহের সুবিধা। আমরা চাই শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের সুযোগ-সুবিধা। নারী-শিশু-যুবরা চান একটি নিরাপদ নগর। মধ্যবিত্তরা চান সম্মানসহ বাঁচতে। উৎপাদনশীল ধনিকরা চান চাঁদাবাজি-মাস্তানিমুক্ত ব্যবসার পরিবেশ। সর্বোপরি নগরের সকল শ্রেণি-পেশা নির্বিশেষে আমরা চাই একটি সবুজ পরিবেশবান্ধব, যানজটমুক্ত ঢাকা। আদর্শ, নীতি ও কর্মসূচির পক্ষে ঢাকার নাগরিকদের দাঁড়াতে হবে। সেটাই নির্বাচনের প্রকৃত গণতান্ত্রিক মর্মবস্তু। সকলের সমর্থন নিয়ে সবার জন্য বাসযোগ্য মানবিক ঢাকা গড়ে তুলতে চাই। হাতী মার্কার প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী তাঁর নির্বাচনী অঙ্গীকারে নাগরিক সেবার জন্য নগর সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। সেবার মান উন্নত করার জন্য ২৪/৭ কল সেন্টার চালু, নারীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা, জলাবদ্ধতা দূর করা, যানজট নিয়ন্ত্রণ, বাড়িভাড়া আইন-১৯৯৫ বাস্তবায়ন, প্রাইভেট কার নিয়ন্ত্রণ করে পর্যাপ্ত গণপরিবহণ চালু, পাঠাগার নির্মাণ, পার্ক-বিনোদন কেন্দ্রের ব্যবস্থা, বাইসাইকেল লেন চালু, বস্তি উচ্ছেদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ,

নির্বাচন অঙ্গীকার ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সিপিবি'র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম
পর্যাপ্ত নিরাপদ গণশৌচাগার, ই-টেন্ডার চালু, মানসম্মত শিক্ষা ব্যবস্থা, ফ্রি ওয়াইফাই ঢাকা গড়ে তোলা, খাল-জলাশয় দখলদারদের উচ্ছেদ, ঐতিহাসিক স্থাপনা রক্ষা, পরিবান্ধব নগর গড়ে তোলা, ছিন্নমূল মানুষের জন্য শেল্টার হোম চালু, ডে-কেয়ার সেন্টার চালু, ই-সেবা চালু, ফরমালিন ও বিষমুক্ত খাবার নিশ্চিত, বর্জ্যসমূহ ট্রিটমেন্ট করে বিদ্যুৎ, সার ও জৈব গ্যাস উৎপাদন, আবাসিক এলাকার কারখানা স্থানান্তর ইত্যাদি অঙ্গীকারের কথা তিনি ঘোষণা করেন। অনুষ্ঠানে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, রাজনীতির আবর্জনা সরানোর জন্য জাতীয় আন্দোলনের পাশাপাশি ঢাকা নগরীকে বাসযোগ্য করে তোলার জন্য ক্বাফীকে নির্বাচিত করতে হবে। চলতি দুর্বৃত্তায়িত রাজনীতির বিপরীতে বিকল্প রাজনীতিকে অগ্রসর করতে হবে। ক্বাফী নির্বাচিত হলে চলতি কাঠামোর মধ্যে সর্বোচ্চ শক্তি দিয়ে গরিব-মেহনতি, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের জন্য কাজ করবেন। একই সাথে তিনি চলমান কাঠামোকে ভেঙে নতুন একটি কাঠামো সৃষ্টির আপ্রাণ চেষ্টা করবেন। ১ বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের ওপর নিপীড়নকারীদের ১৭ এপ্রিল রাত ১২টার মধ্যে গ্রেপ্তার করা না হলে, আগামী ১৮ এপ্রিল সকাল ৯টা থেকে ডিএমপি কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান নেবেন বলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী ঘোষণা দেন। বার্তা প্রেরক খান আসাদুজ্জামান মাসুম সমন্বয়ক, মিডিয়া সেল

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..