Revolutionary democratic transformation towards socialism

কড়াইলে আবদুল্লাহ আল ক্বাফীর নির্বাচনী সমাবেশে কমরেড মনজুর সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে মেয়র পদে ক্বাফীকে নির্বাচিত করতে হবে


কড়াইল নির্বাচনী সমাবেশে মেয়র প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী রতন
আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে সিপিবি-বাসদসহ বাম-প্রগতিশীলদের সমর্থিত ‘সবার জন্য বাসযোগ্য ঢাকা আন্দোলনের’ প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফীর (কাফি রতন) সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রখ্যাত শ্রমিকনেতা মনজুরুল আহসান খান বলেছেন, ঢাকা শহর এখন ধনিকশ্রেণির আস্তাকুড়ে পরিণত হয়েছে। ঢাকা এখন গরিব-মেহনতি-বস্তিবাসী, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সাধারণ মানুষের বসবাসের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। ধনিকশ্রেণির স্বার্থরক্ষাকারী গণবিরোধী প্রার্থীকে নির্বাচিত হলে লুটপাট, দুর্নীতির ধারা অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আবদুল্লাহ আল ক্বাফীকে নির্বাচিত করতে হবে। আজ ১৫ এপ্রিল বিকেলে কড়াইলের এরশাদ হাইস্কুল মাঠে এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। বস্তিবাসী নেত্রী সেতারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কমরেড মনজুর ছাড়া আরো বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ, আসলাম খান, ডা. সাজেদুল হক রুবেল, জলি তালুকদার, সাদেকুর রহমান শামীম, আব্দুল বারেক, ছাত্র ইউনিয়নের নেত্রী লাকী আক্তার, আনার কলি, ফাতেমা বেগম প্রমুখ। সমাবেশের শুরুতে গণসঙ্গীত পরিবেশন করেন উদীচী’র শিল্পী সিদ্দিক আহমেদ। কমরেড মনজুর আরো বলেন, ঢাকা শহরে নির্বিচারে বস্তি, রিকশা উচ্ছেদ হয়, গরিব মানুষের ওপর নির্যাতন চলে। আওয়ামী লীগ, বিএনপিসহ ধনিকশ্রেণির দলগুলো দখল আর উচ্ছেদের পক্ষ নেয়। আর বামপন্থীরা উচ্ছেদের বিরুদ্ধে বুক বেঁধে লড়াই করে।

নির্বাচনী সমাবেশে সিপিবি'র উপদেষ্টামন্ডলীর সদস্য মনজুরুল আহসান খান ও অন্যান্য নেতৃবৃন্দ
দেশে যে সঙ্কট চলছে, তা কাটাতে দ্বি-দলীয় মেরুকরণের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প শক্তির উত্থান ঘটাতে হবে। বিকল্প রাজনীতির সাথে চাই বিকল্প নেতৃত্ব। সিটি নির্বাচনে বিকল্প নেতৃত্ব বেছে নিতে হবে। আবদুল্লাহ আল ক্বাফী বলেন, গরিব-মেহনতি, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সাধারণ মানুষের স্বার্থের নীতির ভিত্তিতে ঢাকাকে গড়ে তুলতে চাই। নির্বাচিত হলে বস্তিবাসীদের আবাসন সংকটের সমাধান করার উদ্যোগ নেব। স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করা হবে। বস্তিবাসীদের পানি, চিকিৎসা, স্যানিটেশন সমস্যার সমাধানের উদ্যোগ নেব। যদি নির্বাচিত হই, পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদের যে কোন প্রচেষ্টার বিরুদ্ধে কর্পোরেশন অবস্থান গ্রহণ করবে। সিপিবি’র কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক বলেন, নীতি-নৈতিকতা, আদর্শের পক্ষে দাঁড়াতে হবে। আদর্শের সংগ্রামের প্রতিনিধি হিসেবে ক্বাফীকে নির্বাচিত করতে হবে। গরিব মানুষের লড়াইকে এগিয়ে নিতে ক্বাফীর সাথে থাকতে হবে। এদিকে আজ ১৫ এপ্রিল সকাল থেকে হাতী মার্কার মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী মহাখালী, বনানী এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালন। আগামীকাল আবদুল্লাহ আল ক্বাফীর নির্বাচনী অঙ্গীকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে সিপিবি-বাসদসহ বাম-প্রগতিশীলদের সমর্থিত ‘সবার জন্য বাসযোগ্য ঢাকা আন্দোলনের’ প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী (কাফি রতন) আগামীকাল ১৬ এপ্রিল সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে (দ্বিতীয় তলা) আনুষ্ঠানিকভাবে নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করবেন। এ অনুষ্ঠানে বিশিষ্ট রাজনীতিক ও নাগরিকবৃন্দ উপস্থিত থাকবেন। বার্তা প্রেরক খান আসাদুজ্জামান মাসুম

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..