Revolutionary democratic transformation towards socialism

সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে গত ৭ এপ্রিল ভূমধ্যসাগরের মার্কিন রণতরী থেকে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্দেশে এ ধরনের হামলা জাতিসংঘের বিধানসহ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ হামলার মাধ্যমে সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে নগ্ন আগ্রাসন চালিয়েছে। চরম ঔদ্ধত্যপূর্ণভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার কারণে যুক্তরাষ্ট্রের বিচার হওয়া উচিত। তার এই হামলা আরো বড় সংঘাতের মধ্যে বিশ্বকে নিমজ্জিত করার বিপদের সৃষ্টি করেছে। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, মাত্র দুদিন আগে ঢাকায় অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলনে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে আরেক দেশের হস্তক্ষেপ বন্ধের যে প্রস্তাব গৃহীত হয়েছে তাকে পরিহাস ও খারিজ করে দিয়ে যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর এই হামলা চালাল। নেতৃবৃন্দ বিবৃতিতে সিরিয়ার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই অপরাধের জন্য যুক্তরাষ্ট্রের বিচার দাবি করেছেন। নেতবৃন্দ সিরিয়ার ওপর মার্কিন সাম্রাজ্যবাদের এই হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ ও প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..