Revolutionary democratic transformation towards socialism

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অজুহাতে হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সিপিবির তীব্র প্রতিবাদ ও বিচার দাবি

কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়নে দরবারে হামলা চালিয়ে পীর শামীম রেজাকে নৃশংসভাবে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) তীব্র প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়েছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন আজ ১২ এপ্রিল ২০২৬, রবিবার এক বিবৃতিতে বলেছেন, এই বর্বরোচিত হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা প্রমাণ করেছে, সরকার ভিন্নমতাবলম্বী মানুষের জীবনের নিরাপত্তা প্রদানে সম্পূর্ণভাবে ব্যর্থ। এই নৃশংসতা সারা পৃথিবীর কাছে বাংলাদেশকে মধ্যযুগীয় অন্ধকারাচ্ছন্ন রাষ্ট্র হিসেবে প্রতিভাত করেছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশে আইনের শাসন অনুপস্থিত। তারই সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে ভিন্নমতের কণ্ঠ রোধ করা এবং উগ্র ডানপন্থী মতাদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করে আসছে। তারা একের পর এক হত্যাকাণ্ডসহ এ ধরনের দুষ্কর্ম করে যাচ্ছে, মাজার ভাঙছে, মন্দির ভাঙছে, বাউলের আখড়ায় অগ্নিসংযোগ করছে, বাউলদের শারীরিকভাবে নির্যাতন করছে। শাসকগোষ্ঠী ও ধর্মাশ্রয়ী দলগুলো এই অসাধু ব্যক্তিবর্গকে রাজনৈতিকভাবে প্রতিপালন করছে। ফলে এসব ঘটনার কোনো বিচার তো হয়ই না বরং অনেক সময় ভুক্তভোগীকেই উল্টো জেল-জুলুম ভোগ করতে হচ্ছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হত্যাকাণ্ডে উসকানি সৃষ্টিকারী গোষ্ঠী ও ইন্ধনদাতাসহ সকল দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনা এবং দ্রুত বিচারের দাবি জানান। একইসঙ্গে সকল মাজার, দরবারসহ ঝুঁকিপূর্ণ ধর্মীয় ও অধ্যাত্মবাদী কেন্দ্রসমূহের নিরাপত্তা জোরদার করার দাবি জানানো হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..