Revolutionary democratic transformation towards socialism

‘ঘরে থাকুন’- প্রহসনের ভোট বর্জন করে জনগণের অধিকার হরণের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখুন


বাম গণতান্ত্রিক জোটের সভায় গণদাবি ও জনমত উপেক্ষা করে আগামীকাল ৭ জানুয়ারি ’২৪ প্রহসনের নির্বাচন বহাল রাখায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা থেকে দেশবাসীকে ৭ জানুয়ারি সর্বক্ষণ ‘ঘরে থেকে’ প্রহসনের ভোট বর্জন এবং জনগণের অধিকার হরণের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠকে সোচ্চার রাখাসহ জনগণের ভোট, ভাত ও গণতান্ত্রিক অধিকার আদায়ে নবতর আন্দোলনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
 
সভায় গোপীবাগে ট্রেনে আগুন এবং মানুষ হত্যা, বাসে আগুন, বিভিন্ন স্থাপনায় আগুনের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এসব ঘটনায় পরস্পরকে দোষারোপ না করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, এর সাথে জড়িতদের গ্রেফতার, বিচার এবং নেপথ্যের হোতাদের খুঁজে বের করার দাবি জানানো হয়।
সভায় এসব ঘটনায় নিহতদের শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

আজ ৬ জানুয়ারি ২০২৪, শনিবার, সকাল ১১টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। বামজোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য জয়দীপ ভট্টাচার্য, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য পরেশ কর, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সমাজতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় নেতা রুবেল সিকদার প্রমুখ নেতৃবৃন্দ। 

সভায় বলা হয়, ২০১৪ ও ২০১৮ সালের ধারাবাহিকতায় আগামীকাল ৭ জানুয়ারি ’২৪ সরকার দেশে এক নতুন ধরনের নির্বাচনী প্রহসন সংঘটিত করতে যাচ্ছে, যা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটকে আরও তীব্র করবে। সরকারের কর্তৃত্ববাদী, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী প্রবণতা আরো বাড়বে। বিদেশি  সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী শক্তির চাপও দেশের ওপর চেপে বসতে চাইবে। ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসন ও সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী অপতৎপরতার বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে আগামীকাল ৭ জানুয়ারি ‘ঘরে থেকে’ সরকারের নির্বাচনী নাটকের বিরুদ্ধে জনগণের অবস্থান ঘোষণা করুন। আগামীদিনের নবতর আন্দোলনের প্রস্তুতি ও পথরেখা রচনার জন্য লড়াইয়ের প্রস্তুতি নিন।

কেন্দ্রীয় মনিটরিং সেলে খবর পাঠানোর আহ্বান
আগামিকাল ৭ জানুয়ারির ঘটনাবলী সম্পর্কে সজাগ দৃষ্টি রাখা ও পর্যবেক্ষণের জন্য বাম গণতান্ত্রিক জোটের অস্থায়ী কার্যালয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হয়েছে। সার্বিক বিষয়ে মনিটরিং সেলে খবরাখবর পাঠানোর জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..