বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ৫ জুলাই ২০২৩ এক বিবৃতিতে কমিউনিস্ট পার্টির নোয়াখালী জেলার সহ-সাধারণ সম্পাদক কমরেড সমীর চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়, কমরেড সমীরের মৃত্যুতে পার্টি একজন নিবেদিত প্রাণ কমিউনিস্টকে হারালো। কমরেড সমীর আমৃত্যু মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে তার জীবনকে নিবেদিত করে রেখেছিলেন। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো তা অপূরণীয়।
বিবৃতিতে আরও বলা হয়, কমরেড সমীর ছাত্রজীবন থেকে অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি ছাত্র ইউনিয়নের একজন লড়াকু নেতা ছিলেন। আমৃত্যু তিনি পার্টির সার্বক্ষণিক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
বিবৃতিতে বলা হয়, সারাদেশের মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে নিবেদিত কর্মীরা কমরেড সমীরের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে আজীবন।
নেতৃবৃন্দ বলেন, তার মৃত্যুতে আমরা পার্টি পরিবার গভীর শোকাহত।
বিবৃতিতে নেতৃবৃন্দ কমরেড সমীরের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, সিপিবি নোয়াখালী জেলার সহ-সাধারণ সম্পাদক কমরেড সমীর আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।