বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবি’র সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক আজ এক বিবৃতিতে ঢাকাসহ সারাদেশে বিএনপি, বাম জোটসহ বিরোধী রাজনৈতিক দল সংগঠনের সভা-সমাবেশে সরকার দলীয় সন্ত্রাসী ও পুলিশি হামলা, নির্যাতন এমনকি বিরোধী দলের নেতাদের ওপর বিভিন্ন স্থানে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ মতপ্রকাশের স্বাধীনতা হরণ ও দমন-পীড়ন বন্ধ করে সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার অনুসারে সভা-সমাবেশ ও মত প্রকাশের অবাধ অধিকার নিশ্চিত করার দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করে স্বৈরাচারী, ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করে কেউ ক্ষমতার মসনদ স্থায়ী করতে পারেনি। এই সরকারও পারবে না।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হামলা-মামলা, দমন-পীড়নের বিরুদ্ধে বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি এবং দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণসংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।