Revolutionary democratic transformation towards socialism

নড়াইলের দিঘলিয়ায় সাম্প্রদায়িক হামলায় বাম গণতান্ত্রিক জোটের উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ

আজ ১৬ জুলাই ২০২২ বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে ফেসবুক কমেন্টের জের ধরে গতকাল ১৫ জুলাই নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় সাম্প্রদায়িক হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন।

বাম জোটের সমন্বয়ক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ্ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ(মার্ক্সবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী)’র সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক বিবৃতিতে বলেন, দেশে অব্যাহতভাবে সাম্প্রদায়িক সন্ত্রাস, শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটে যাচ্ছে। এবং সরকার এক্ষেত্রে দৃশ্যত প্রায় নিস্ক্রিয়-নির্বিকার ভূমিকা পালন করছে। যা এ জাতীয় ঘটনা পুনঃ পুনঃ সংগঠিত হওয়ার ক্ষেত্রে ইন্ধন যোগাচ্ছে। সরকার দেশের আবহমানকালের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। বরং বিভিন্ন সময়ে ক্ষমতায় টিকে থাকার স্বার্থে এসব ঘটনাকে ব্যবহার করা হচ্ছে। অতীতের ধারাবাহিকতায় এই সরকারের সাম্প্রদায়িক অপশক্তিকে নানাভাবে পৃষ্ঠপোষকতা এ ধরনের ঘটনাকে আরও উস্কে দিচ্ছে।

নেতৃবৃন্দ অবিলম্বে এই সকল হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। নেতৃবৃন্দ দেশবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যে কোনো ধরনের উসকানি ও সন্ত্রাসীদের প্রতিহত করার আহ্বান জানান।

নেতৃবৃন্দ সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দেশের সচেতন মানুষকে এগিয়ে আসতে ও স্থানীয়ভাবে সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ কার্যক্রম গ্রহণেরও আহ্বান জানান।

নেতৃবৃন্দ সারাদেশে সাম্প্রদায়িক অপশক্তি ও চলমান দুঃশাসনের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..