Revolutionary democratic transformation towards socialism

দোষী ও নেপথ্যের হোতাদের আইনের আওতায় আনা ও শাস্তির দাবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ ১৬ জুলাই ২০২২ এক বিবৃতিতে, ফেসবুক কমেন্টের জের ধরে গতকাল ১৫ জুলাই নড়াইলের দিঘলিয়ায়  সংগঠিত সাম্প্রদায়িক হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে দোষী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

বিবৃতিতে ঘটনার নেপথ্যের হোতাদেরও আইনের আওতায় আনা ও শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একের পর এক এধরনের ঘটনা ঘটলেও সরকারের উদাসীনতা, ঘটনার সাথে জড়িত এবং এর পৃষ্ঠপোষকদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তি বিধান না করায় এধরনের ঘটনা বেড়েই চলেছে। স্বার্থান্বেষীরা এসব ঘটনাকে তাদের স্বার্থে ব্যবহার করছে।

নেতৃবৃন্দ ওই অঞ্চলের ধর্মীয় সংখ্যালঘুসহ সারাদেশের ধর্মীয়, জাতিগত সংখ্যালঘু সব মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সর্বত্র সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে যথাযথ ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বেশকিছু ঘটনায় দেখা যাচ্ছে ফেসবুকে উসকানিমূলক বক্তব্য প্রদানের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হচ্ছে। অনেক ক্ষেত্রে ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে এই ধরনের অপকর্ম সংগঠিত করা হচ্ছে। বিবৃতিতে এ বিষয়ে সরকারের বিশেষ নজরদারি ও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান সরকারসহ অতীতের সরকারগুলোর কর্মকাণ্ড সমাজকে সাম্প্রদায়িকীকরণের ধারায় নিয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে নেতৃবৃন্দ সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আগামীকাল ১৭ জুলাই রবিবার ঢাকায় সিপিবির বিক্ষোভ

নড়াইলসহ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সন্ত্রাস, নির্যাতন রুখে দাঁড়ানো, হামলাকারী ও মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল ১৭ জুলাই ২০২২ রবিবার বিকাল ৫টায় ঢাকার পুরানা পল্টন মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্বোগে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। সমাবেশে সিপিবি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..