Revolutionary democratic transformation towards socialism

হামলাকারী জঙ্গি সন্ত্রাসীদের গ্রেফতার দাবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ্ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ এক বিবৃতিতে গতকাল ২৭ মে রাতে শান্তিনগর মোড়ে কর্মসংস্থান ও বেকার ভাতা চালুসহ ৯ দফা দাবিতে আগামী ৯ জুন জাতীয় যুব সমাবেশের দেয়াল লিখনকে কেন্দ্র করে প্রথমে বাধা, পরবর্তীতে হামলা করে যুব নেতা জাহাঙ্গীর আলম নান্নুকে তুলে নিয়ে নির্যাতন করার তীব্র প্রতিবাদ ও হামলাকারী জঙ্গি মৌলবাদীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন।
 
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, এর আগে এই দেয়ালটিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র দেয়াল লিখন ছিল। সেটি মুছে অনৈতিকভাবে দেয়ালে লেখা হয়। এসময়ে যুব ইউনিয়নের নেতৃবৃন্দ তাদের দেখিয়েছেন যে পূর্বে তাদের দেয়াল লেখা অন্যায়ভাবে মুছে আল-বাইয়্যানাত দেয়াল লিখেছে-এটা অন্যায়। তারা প্রথমে বাকবিতন্ডায় জড়ান এবং এক পর্যায়ে নান্নুকে তুলে নিয়ে যায়। তখন তারা “কমিউনিস্ট ধরেছি”- বলে যুবনেতা নান্নুকে উপর্যুপরি আঘাত করে।

উল্লেখ্য, যারা দেয়ালে লিখেছে তাদের বিরুদ্ধে অতীতে দরবার থেকে জঙ্গি তৎপরতা চালানোর সত্যতা পেয়েছিল কাউন্টার টেররিজম ইউনিট। 

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে যুব ইউনিয়ন নেতৃত্বের ওপর ন্যাক্কারজনক হামলা ও অপহরণ করে নির্যাতন করার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..