ক্যাম্পাসসহ বিভিন্ন এলাকায় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতা, ছাত্রদলের নেতা কর্মীদের উপর হামলা ও ঘোষণা দিয়ে প্রকাশ্য লাঠিয়াল বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার তীব্র নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
আজ ২৬ মে জোটের সমন্বয়ক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ্ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ(মার্ক্সবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী)’র সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক এক বিবৃতিতে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের সামনে প্রকাশ্যে এসব ঘটনা সংঘটিত হলেও তারা নির্বিকার। সরকার, পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মদত ছাড়া এধরনের ঘটনা ঘটতে পারে না।
বিবৃতিতে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত, গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান হয়।
অপর এক বিবৃতিতে বাম জোট নেতৃবৃন্দ মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মার্কিন ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২ টি সহ মোট ১৩টি দেশ নিয়ে ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রসপারিটি (আইপিইএফ) নামে চুক্তির মাধ্যমে বাণিজ্য জোট গঠনের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি জাপান সফরকালে এই জোট গঠনের লক্ষ্যে আইপিইএফ -শীর্ষক চুুক্তির কথা ঘোষণা করেন। জোটের ঘোষিত লক্ষ্যে বাণিজ্য, সরবরাহ ব্যবস্থা, জ্বালানি অবকাঠামো, কর ও দুর্নীতি দমন এই বিষয়গুলোকে চুক্তির ভিত্তি হিসেবে উল্লেখ করা হলেও, প্রকৃতপক্ষে এই জোটের উদ্দেশ্য হচ্ছে–পৃথিবীর অর্থনৈতিক ভরকেন্দ্র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ-রাজনীতি ও অর্থনৈতিক কৌশলের মাধ্যমে এ অঞ্চলের ওপর আধিপত্য বিস্তার সহ চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক শক্তি বৃদ্ধিকে প্রতিহত করা।
এই জোটের তৎপরতা শুরু হলে এ অঞ্চলের দেশে দেশে শান্তি বিঘি্নত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো জোটের ভূমিকা বিশ্বের শান্তিকামী মানুষের কাছে অজানা নয়।’
বিবৃতিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই জোট গঠনের তীব্র বিরোধিতা করে বাংলাদেশ সরকারকে এই প্রক্রিয়ায় যুক্ত না হওয়ার জন্য আহ্বান জানান হয়।