দ্রব্যমূল্যের চরম ঊর্ধগতির প্রতিবাদে বিক্ষোভ করেছে সিপিবি পল্টন থানা। আজ ১৫ মার্চ ২০২২, মঙ্গলবার, বিকেল সাড়ে ৪টায় পল্টন মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে সাধারণ মানুষের জীবন ও জীবিকার সুরক্ষা, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানানো হয়। সমাবেশ থেকে আগামী ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোটের ডাকে দেশব্যাপী আধাবেলা হরতাল সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানানো হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পল্টন থানা কমিটির সভাপতি কার্তিক চক্রবর্তীর সভাপতিতে অনুষ্ঠিত্ব সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম, সিপিবি ঢাকা দক্ষিণের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান হীরা, পল্টন থানা কমিটির সাধারণ সম্পাদক ত্রিদিব সাহা, পল্টন শাখার সম্পাদক মুর্শিকুল ইসলাম শিমুল, মঞ্জুর মঈন প্রমুখ।
সমাবেশে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, দেশের ৯৯ শতাংশ মানুষের পরিশ্রমের বিনিময়ে অর্থনীতির যে প্রবৃদ্ধি ঘটছে সেই সম্পদ
মুষ্ঠিমেয় ধনিক গোষ্ঠীর পকেটে তুলে দেয়ার জন্য বাজারকে কয়েকটি সিন্ডিকেট এর নিয়ন্ত্রণে ছেড়ে দেয়া হয়েছে। তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের ইচ্ছাকৃত অবহেলা লুটেরা ধনীকদের আরো ধনী এবং গরিব-মধ্যবিত্তকে আপেক্ষিকভাবে আরো দরিদ্র ও আর্থিকভাবে অসহায় করে তুলছে।
সিপিবি সভাপতি বাজার নিয়ন্ত্রণের দাবিতে শাসকদের বিরুদ্ধে আগামী ২৮ মার্চ দেশের আপামর জনসাধারণকে সর্বাত্মক হরতাল পালনের আহ্বান জানান।
সমাবেশে সিপিবি ঢাকা দক্ষিণের সভাপতি শামসুজ্জামান হীরা বলেন, কোন বিনা ভোটের সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে না, বর্তমান সরকারও জনগণের প্রতি দায়িত্বের নজির প্রদর্শন করছে না। এদিকে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে মানুষ আজ জীবনযাত্রা নিয়ে দিশেহারা। তিনি সরকারের চরম দুঃশাসনের বিরুদ্ধে চলমান গণঅন্দোলন জোরদার করার আহ্বান জানান।
সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল পল্টন এলাকার সড়কসমূহ প্রদক্ষিণ করে।