Revolutionary democratic transformation towards socialism

বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঘোষিত ‘দাম কমাও, জান বাচাও’ দিবসে সিপিবি ঢাকা দক্ষিণ কমিটি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, গণবিরোধী সরকার আর অবৈধ সিন্ডিকেটের যোগসাজশে ভোক্তা জনগণের পকেট কাটা হচ্ছে। লুটপাটের ধাক্কায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে। ‘বিনা ভোটের সরকার’ দেশের মানুষকে আজ ভাতে মারতে চলেছে। সমাবেশে সিপিবি ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার অবিলম্বে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। বক্তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চলমান লুটপাটতন্ত্র ও দুঃশাসনের অবসান ঘটানোর লড়াইয়ে সামিল হতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান।

আজ ১৬ ফেব্রুয়ারি ২০২২, বুধবার বিকেল সাড়ে ৪টায় ঢাকার পল্টন মোড়ে সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সভাপতি শামসুজ্জামান হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম, ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার, সিপিবি নেতা ত্রিদিব সাহা, শংকর আচার্য, গোলাম রাব্বী খান প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন সিপিবি ঢাকা দক্ষিণের সম্পাদকমণ্ডলীর সদস্য আক্তার হোসেন।

সমাবেশে মোহাম্মদ শাহ আলম বলেন, গণবিরোধী সরকার লুটেরা, মুনাফাখোর, মজুদদারদের ‘পাহারাদার’ হিসেবে ব্যবসায়ী-সিন্ডিকেটকে

রক্ষা করে চলেছে। সাধারণ মানুষের প্রতি সরকারের কোনো দায় নেই। একদিকে ভোক্তাদের পকেট কাটা হচ্ছে, অন্যদিকে উৎপাদক কৃষক প্রতারিত হচ্ছে। সমাবেশে তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের দর্শনের বদলে সরকার এখন মুক্তবাজার দর্শনের ভিত্তিতে দেশ পরিচালনা করছে। সরকারের বাজার তদারকি ও নিয়ন্ত্রণের অভাবে ব্যবসায়ী-সিন্ডিকেট দাম বাড়িয়েই চলেছে।

সমাবেশে অন্য বক্তারা বলেন, করোনার আঘাতে মানুষ যখন বিপর্যস্ত, তখন ‘দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া’র ধাক্কায় মানুষের দৈনন্দিন জীবন চরম হুমকির মধ্যে পড়েছে। এর মধ্যেই ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে সরকার আবারও গ্যাসের দাম বাড়িয়েছে। সমাবেশ থেকে বলা হয়, দাম বৃদ্ধির প্রতিবাদে তীব্র লড়াই গড়ে তোলার পাশাপাশি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধেও গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

সমাবেশ থেকে গরিব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু, গণবণ্টন ব্যবস্থা চালু, টিসিবির কার্যক্রম জোরদার করা, ন্যায্য মূল্যের দোকান চালু, ‘বাফার স্টক’ গড়ে তোলা, অবৈধ ব্যবসায়ী-সিন্ডিকেট ভেঙে দেয়া, লুটেরা-মজুদদার-মুনাফাখোর-মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানানো হয়।

সমাবেশের পূর্বে ‘দাম কমাও, জান বাঁচাও’ স্লোগানে একটি বিক্ষোভ মিছিল ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..