২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির মাধ্যমে দিনের ভোট রাতে করে অবৈধভাবে আওয়ামী লীগ সরকারের পুনঃক্ষমতাসীন হওয়ার দিনকে ‘কালো দিবস’ হিসেবে পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সিপিবি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এ দিবসের প্রাক্কালে এক বিবৃতিতে বলেছেন, আওয়ামী দুঃশাসন অবসানে গণঅভ্যুত্থান গড়ে তোলার কোনো বিকল্প নেই।
আজ ২৯ ডিসেম্বর ২০২১, বুধবার এক বিবৃতিতে সিপিবি নেতৃবৃন্দ বলেন, তিন বছর পূর্বে এই দিনে ভোট ডাকাতির মাধ্যমে যে প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া হয়। যার মাধ্যমে বর্তমান অবৈধ ও জনসমর্থনহীন সংসদ গঠিত হয়েছিল। অবৈধভাবে ক্ষমতা দখল করে বর্তমান সরকার যে ফ্যাসিস্ট দুঃশাসন পরিচালনা করছে তার কষাঘাতে আজ গোটা দেশের মানুষ জর্জরিত।
নেতৃবৃন্দ আগামীকাল ৩০ ডিসেম্বর ভোটাধিকার হরণের ‘কালো দিবস’ পালনে রাজপথে নেমে এসে বাম গণতান্ত্রিক জোট আহূত কর্মসূচি সফল করার আহ্বান জানান।