কারাগারে লেখক মুশতাক আহমেদ-এর মৃত্যুতে বাম গণতান্ত্রিক জোট এ মৃত্যু ফ্যাসিবাদের পদধ্বনি; প্রতিরোধ-সংগ্রামই একমাত্র পথ

Posted: 26 ফেব্রুয়ারী, 2021

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী লেখক মুশতাক আহমেদ-এর মৃত্যুতে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ ২৬ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ এক বিবৃতিতে বলে, মানুষের কণ্ঠরোধ করার ধিকৃত আইনে কারান্তরীণ লেখকের মৃত্যুতে ক্ষমতাসীনদের প্রতি মানুষের ঘৃণা ও প্রতিবাদের প্রকাশ সকল শোককে অতিক্রম করেছে। বিবৃতিতে বলা হয়, লেখক মুশতাক আহমেদকে হত্যার দায় ক্ষমতাসীন স্বৈরাচারী সরকার কোনোভাবেই এড়াতে পারবে না। গণমানুষের মতপ্রকাশের অধিকার, প্রতিবাদের ভাষা কেড়ে নিতে যে ফ্যাসিবাদী আইন বলবৎ করা হয়েছে তার নিষ্ঠুর শিকার মুশতাক আহমেদ। বিবৃতিতে আরও বলা হয়, মুশতাক আহমেদ মতপ্রকাশের অধিকারের জন্য শহীদের মৃত্যু আলিঙ্গন করেছেন, এভাবেই ইতিহাস লেখা হবে। বাম গণতান্ত্রিক জোটের বিবৃতিতে বলা হয়, এ মৃত্যু ফ্যাসিবাদের পদধ্বনি এবং বাংলাদেশের মানুষের সামনে প্রতিরোধ সংগ্রাম ভিন্ন আর কোনো পথ খোলা নেই।