করোনা ভাইরাসজনিত মহাবিপর্যয় রোধে সিপিবি’র কেন্দ্রীয় নির্দেশনা

Posted: 26 মার্চ, 2020

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটি আজ ২৪ মার্চ ২০২০ করোনা ভাইরাসজনিত মহাবিপর্যয় রোধে পার্টি সদস্য, সমর্থকদের জরুরি নির্দেশ প্রদান করেছে। নির্দেশনায় বলা হয়, আমরা না চাইলেও শত সতর্কতার মধ্যেও যেকোন সময় করোনা ভাইরাস সংক্রমন সারাদেশে ব্যাপক ভিত্তিতে ছড়িয়ে পড়তে পারে। মহাবিপর্যয়কালে জেলা কমিটিসমূহকে নিম্নলিখিত বিষয়গুলো অনুসরণ করতে নিম্নলিখিত নির্দেশনা দেয়া হয়েছে। ১। প্রতিটি জেলায় কন্ট্রোল রুম প্রতিষ্ঠা করতে হবে এবং জেলাবাসীর কাছে কন্ট্রোল রুমের ঠিকানা প্রচার করতে হবে। যাতে প্রয়োজনে তারা সিপিবি’র সহযোগিতা নিতে পারে। ২। পার্টি কর্মী, জনগণের মধ্য থেকে স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবক বাছাই করে তালিকা বানিয়ে রাখতে হবে। প্রয়োজনে তারা যেন কাজে ঝাপিয়ে পড়তে পারে। স্বাস্থ্য বিভাগ কোন প্রশিক্ষণের ব্যবস্থা করলে তাদের জন্য প্রশিক্ষণের আয়োজন করতে হবে। স্বেচ্ছাসেবক কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে হবে। ৩। আপদকালীন সময়ে ব্যয় নির্বাহের জন্য পার্টি কর্মী, শুভানুধ্যায়ী ও জনগণের কাছ থেকে প্রয়োজনীয় তহবিল সংগ্রহের কাজ জারি রাখতে হবে। ৪। পার্টির লিফলেট নিয়ে শ্রমজীবীদের বস্তি ও নিম্নআয়ের মানুষের আবাসিক এলাকায় সচেতনতামূলক প্রচারণা জারি রাখতে হবে। ৫। ছাত্র ইউনিয়ন-যুব ইউনিয়ন-উদীচী কর্তৃক পরিচালিত হ্যান্ড স্যানিটাইজার প্রকল্পসমূহ চালু রাখতে হবে এবং গরিব মানুষের কাছে বিতরণের কাজ জারি রাখতে হবে। ৬। পার্টির ৬৫ বছরোর্ধ্ব কমরেডদের প্রতি পার্টি কমিটি থেকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। তাদের বাসায় অবস্থান ও প্রয়োজনীয় স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে হবে। নির্দেশনাসমূহ যথাযথভাবে পালনের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানানো হচ্ছে।