দক্ষ, কর্মসংস্থানবান্ধব, সমতাভিত্তিক ঢাকা গড়ার অঙ্গীকার
Posted: 16 জানুয়ারী, 2020
### উত্তরা-দক্ষিণখানে পথসভা ও গণসংযোগে সিপিবি’র মেয়র প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত কাস্তে মার্কার মেয়র পদপ্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল বলেছেন, ঢাকা শহর শুধু টাকাওয়ালাদের না। এখানে মেহনতি শ্রমিক, মধ্যবিত্তের সংখ্যাই বেশি। এরাই ঢাকাকে সচল রেখেছে। এজন্য প্রয়োজন সবার জন্য নিরাপদ ঢাকা, বিভিন্ন সংকট দূর করতে দক্ষ ঢাকা, কর্মসংস্থানবান্ধব, সমতাভিত্তিক ঢাকা। আর এসব কাজে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে অফিসকেন্দ্রিক মেয়র কার্যক্রম পরিবর্তন করে ওয়ার্ড ও মহল্লাভিত্তিক জনমণ্ডলীনির্ভর কার্যক্রম পরিচালনা করা হবে। নগর সরকার প্রতিষ্ঠা করাই হবে আমাদের মূল লক্ষ্য।
আজ ১৬ জানুয়ারি ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল উত্তরা-দক্ষিণখান এলাকায় গণসংযোগের সময় এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সিপিবি’র কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য নারী নেত্রী লুনা নূর, কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক নেতা রুহুল আমিন, সিপিবি উত্তরা শাখার সম্পাদক জয়নাল আবেদীন, যুব ইউনিয়ন নেতা শরিফুল আনোয়ার সজ্জন প্রমুখ।
গণসংযোগে রুহিন হোসেন প্রিন্স বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া ঢাকার উন্নয়ন ঘটানো সম্ভব না। এজন্য নীতিনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বকে মেয়র নির্বাচিত করতে হবে। যারা ঢাকাকে লুটপাটের ক্ষেত্র বানিয়েছে, রাজনীতিতে নীতি বিসর্জন দিয়ে টাকাওয়ালাদের কাছে রাজনীতি বেঁচে দিয়েছে, তাদের পরাস্ত করাই এখন সময়ের দাবি। তিনি বলেন, রাজনীতি রাজনীতিবিদদের কাছে ফিরিয়ে আনতে হবে। তিনি ভোটের দিন ভোটকেন্দ্রে এসে ভাট দিয়ে নিজেদের ভোটাধিকার নিশ্চিত করতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান।
কাস্তে মার্কার প্রার্থী ডা. রুবেল বলেন, ঢাকাকে দূষিত নগরীর তালিকা থেকে যেমন মুক্ত করা দরকার, তেমনই দূষণকারীদের প্রতিরোধ করাও দরকার। জনগণের জাগরণই পারে দূষণ ও দূষণকারী মুক্ত ঢাকা নগর গড়তে। এজন্য তিনি কাস্তে মার্কায় ভোট দিয়ে জন জাগরণ সৃষ্টির আহ্বান জানান। এসময় তিনি দক্ষিণখানের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের সাথে গণসংযোগ করেন।
এছাড়া সকাল থেকে মোহাম্মাদপুর, তেজগাঁও, হাতিরঝিল, গুলশান, মিরপুর, কাফরুল এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়।