জান ও দেশ বাঁচানোর দাবি
সারাদেশে ১৫০০ কি.মি. পথে সিপিবি’র পদযাত্রা
Posted: 27 নভেম্বর, 2019
## ডিসেম্বর মাসেও অব্যাহত থাকবে
দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঘোষিত দেশব্যাপী পদযাত্রায় পুলিশি বাধা ও আওয়ামী সন্ত্রাসীদের হামলা-নির্যাতন উপেক্ষা করে ইতিমধ্যে ৬০টি জেলায় ১৫০০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করেছে।
জান বাঁচাও-দেশ বাঁচাও শ্লোগান তুলে ভোটাধিকার প্রতিষ্ঠা, নৈশকালীন ভোটের সংসদ বাতিল, নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে পুনঃনির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু, জাতীয় নিম্নতম মজুরি ১৬,০০০ টাকা, আমন ধানসহ কৃষি পণ্যের লাভজনক দাম নিশ্চিত করা, প্রতিটি ইউনিয়নে ক্রয়কেন্দ্র চালু করা-খাদ্য গুদাম স্থাপন করা, শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ, বেকারদের কর্মসংস্থান, পার্বত্য চুক্তি বাস্তবায়ন, সারাদেশে দুর্নীতি, দুর্বৃত্তায়ন, লুটপাটকারী, গডফাদার ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ ১৭ দফা দাবি নিয়ে নভেম্বর মাস জুড়ে দেশব্যাপী এ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ডিসেম্বর মাসেও দেশব্যাপী পদযাত্রা অব্যাহত থাকবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম পার্টির সকল জেলা-উপজেলা কমিটিকে গণতন্ত্র-ভোটের অধিকার প্রতিষ্ঠা করে দেশ বাঁচানো ও শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের জান বাঁচানোর দাবিতে ডিসেম্বর মাসেও পদযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।