পাকিস্তানের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের সঙ্গে সিপিবি নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত
Posted: 28 মে, 2015
ঢাকায় সফররত সার্কভূক্ত দেশগুলোর কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের পৃথক পৃথক দ্বি-পাক্ষিক বৈঠকের অংশ হিসেবে আজ সকাল ১১টায় মুক্তিভবনে পাকিস্তানের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড ইমদাদ কাজীর সঙ্গে সিপিবি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, শাহ আলম, শামছুজ্জামান সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, সিপিবি’র উপদেষ্টা মনজুরুল আহসান খান, আন্তর্জাতিক বিভাগের সদস্য হাসান তারিক চৌধুরী।
বৈঠকের শুরুতে পাকিস্তানের কমিউনিস্ট পার্টির এই নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আলোচনার শুরুতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বাংলাদেশের পার্টি ও পাকিস্তানের পার্টির গৌরবময় ইতিহাসের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন। কমরেড ইমদাদ কাজী তাঁর আলোচনায় বলেন, মৌলবাদ, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দক্ষিণ এশিয়ায় কমিউনিস্টদের ঐক্য আজ সময়ের দাবি। সাম্রাজ্যবাদ ধর্মীয় জঙ্গীবাদকে উস্কে দিয়ে বামপন্থাকে দুর্বল করতে চাইছে। তিনি আরও বলেন, যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাসির সময় পাক-পার্লামেন্টে গৃহীত প্রস্তাবের উপর নিন্দা জানিয়েছিল পাকিস্তানের কমিউনিস্ট পার্টি।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দু’দেশের পার্টির সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন।
বার্তা প্রেরক
চন্দন সিদ্ধান্ত
কেন্দ্রীয় দপ্তর বিভাগ