শহীদ টিটোর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে নেতৃবৃন্দ
স্বৈরতন্ত্রের জোয়াল নতুন করে চেপে বসেছে
Posted: 10 নভেম্বর, 2018
স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের শহীদ আমিনুল হুদা টিটো দিবসে আজ ১০ নভেম্বর সকালে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে নেতৃবৃন্দ বলেছেন, যে স্বপ্ন নিয়ে নূর হোসেন, টিটোরা জীবন উৎসর্গ করেছিলেন, সেই স্বপ্ন এখনও বাস্তবায়িত হয়নি। এখন নতুন করে স্বৈরতন্ত্রের জোয়াল জনগণের কাঁধে চেপে বসেছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে শহীদ টিটোর প্রতিকৃতিতে সিপিবি, বাম গণতান্ত্রিক জোট, ক্ষেতমজুর সমিতি, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক কমরেড সাইফুল হক ও সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড আবদুল্লা ক্বাফী রতন।
নেতৃবৃন্দ বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। নতুন করে একতরফা নির্বাচনের চেষ্টা চলছে। নূর হোসেন, টিটোদের হত্যাকারী এরশাদকে সরকার আশ্রয় দিয়েছে। বর্তমান সরকার অতীতের মতোই গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের সঙ্গে বেঈমানি করে চলেছে। শহীদদের রক্তের পথ ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে অগ্রসর করতে হবে।
নূর হোসেনের প্রতি সিপিবির শ্রদ্ধাঞ্জলি
আজ ১০ নভেম্বর শহীদ টিটোর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের আগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাম গণতান্ত্রিক জোটসহ বিভিন্ন দল, সংগঠন ও ব্যক্তিবর্গের পক্ষ থেকে জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন স্কয়ারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সিপিবির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড আবদুল্লাহ ক্বাফী রতন, প্রেসিডিয়াম সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন, কেন্দ্রীয় কমিটির সম্পাদক আহসান হাবিব লাবলু, কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।