সিরিয়ায় মার্কিনের নেতৃত্বে সাম্রাজ্যবাদী হামলায় সিপিবির নিন্দা
Posted: 14 এপ্রিল, 2018
সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ব্রিটিশ ও ফরাসি বাহিনীর যৌথ হামলার ঘটনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) তীব্র নিন্দা জ্ঞাপন করেছে। আজ ১৪ এপ্রিল এক বিবৃতিতে সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম বলেন, সিরিয়ার সরকারের বিরুদ্ধে দেশটির রাজধানীর পূর্বাঞ্চলীয় দৌমা এলাকায় রাসায়নিক অস্ত্র ব্যাবহারের মিথ্যা অজুহাত এনে এই সাম্রাজ্যবাদী হামলা চালানো হয়েছে। অত্যাধুনিক টমাহক মিসাইলসহ ১৩ এপ্রিল রাত থেকে এ পর্যন্ত প্রায় ১০০টি মিসাইল হামলা চালিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ সিরিয়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এতে করে হাজার হাজার বেসামরিক সিরিয় নাগরিকের জীবন আজ বিপন্ন হয়ে পড়েছে।
সিপিবি নেতৃবৃন্দ বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ ও তার মিত্ররা সাত বছর ধরে সিরিয়ার ওপর এক অন্যায় গৃহযুদ্ধ চাপিয়ে দিয়েছে। শুরু থেকেই সিরিয়ায় শান্তি প্রক্রিয়ার অন্যতম অংশীদার রাশিয়া অভিযোগ করেছে, ব্রিটিশ গোয়েন্দারা সিরিয়ার পরিস্থিতি নিয়ে বানোয়াট এবং কারসাজিমূলক ভিডিও ও সংবাদ তৈরি করে সেখানে যুদ্ধের পটভূমি তৈরি করছে। একইসঙ্গে ইসলামী জঙ্গিদের মদত দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তুরস্ক সিরিয়ায় দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা জন্ম দিয়েছে।
সিপিবি নেতৃবৃন্দ আরও বলেন, গতরাতে মার্কিন নেতৃত্বে সিরিয়ায় যৌথ বাহিনীর হামলা এবং দেশটিতে অনির্দিষ্টকালের জন্য মার্কিন উপস্থিতির ঘোষণা দিয়ে ট্রাম্প প্রশাসন প্রমাণ করল, সিরিয়ায় মার্কিন আগ্রাসনই তাদের মূল লক্ষ্য ছিল। সিরিয়ার বিরুদ্ধে আনা রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ আজ পর্যন্ত কোনো আন্তর্জাতিক সংস্থা প্রমাণ করতে পারেনি। তা সত্ত্বেও সেখানে মিসাইল হামলা চালানো হয়েছে। ফলে, ইরাকের সাদ্দাম হোসেনের মতো সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল আসাদকে হত্যা করে দেশটিতে ক্ষমতার পালাবদল ঘটানোর জন্যই যে মার্কিনের এ বর্বর হামলা, এতে কোনো সন্দেহ নাই। এটি এক অবৈধ হামলা এবং আন্তর্জাতিক আইনের চরম লংঘন। সিরিয়ার জনগণের এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ তাদের পাশে আছে।
বিবৃতিতে সিপিবির নেতৃবৃন্দ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু সিরিয়ার ওপর এই জঘন্য হামলার আনুষ্ঠানিক নিন্দা জানানোর জন্য সরকারের কাছে জোর দাবি জানান। একইসঙ্গে সিপিবির নেতৃবৃন্দ এই আগ্রাসন ও হামলার বিরুদ্ধে দুনিয়াব্যাপী প্রতিবাদ ও জনমত গড়ে তোলার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানান।
সিরিয়ায় হামলার প্রতিবাদে আগামীকাল ১৫ এপ্রিল সিপিবি-বাসদ-এর বিক্ষোভ
সিরিয়ায় মার্কিনের নেতৃত্বে সাম্রাজ্যবাদী হামলার প্রতিবাদে আগামীকাল ১৫ এপ্রিল বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর উদ্যোগে এক বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে।