ইআরসি’তে সিপিবি-বাসদ-এর অবস্থান কর্মসূচি পালিত গ্যাসের দাম বাড়িয়ে মানুষকে দগ্ধ করার উদ্যোগ নিচ্ছে সরকার

Posted: 04 ফেব্রুয়ারী, 2015

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ বলেছেন, ক্ষমতার রাজনীতির সহিংসতায় মানুষ পুড়ে মরছে। বিএনপি-জামাতের পেট্রোল বোমার আগুনে সারা দেশ জ্বলছে। সরকার এ আগুন নেভাতে ব্যর্থ হচ্ছে। উপরন্তু গ্যাসের দাম আর এক দফা বাড়িয়ে মানুষকে দ্বগ্ধ করার উদ্যোগ নিচ্ছে সরকার। গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে আজ ৪ ফেব্রুয়ারি, বুধবার, সকালে এনার্জি রেগুলেটরি কমিশনের (ইআরসি) সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আয়োজিত অবস্থান কর্মসূচিতে সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড জাফর এসব কথা বলেন। অবস্থান কর্মসূচি চলাকালে সমাবেশে আরও বক্তব্য রাখেন বাসদ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, খালেকুজ্জামান লিপন, সিপিবি’র ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, যুব ইউনিয়নের সভাপতি কাফি রতন। সমাবেশে বক্তারা বলেন, সরকারের মন্ত্রী-এমপি’দের জন্য যদি ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করা যায়, তাহলে বিদ্যুতকে কেন ট্যাক্স ফ্রি করা যাবে না? সরকার প্রকৃতপক্ষে বিশ্বব্যাংক-আইএমএফ ও লুটেরাদের স্বার্থ রক্ষা করছে। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতি সরকারের ন্যূনতম দায় নেই। সরকারের সরকার জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে। বক্তারা সরকারকে হুঁশিয়ার করে বলেন, মূল্যবৃদ্ধির ক্ষেত্রে সরকার যদি অগ্রসর হয়, তাহলে জনগণকে সাথে নিয়ে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। যে কোন মূল্যে গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত রুখে দেওয়া হবে। জনগণের প্রতিরোধের জন্য সরকারকে প্রস্তুত থাকতে বলেছেন বক্তারা। বার্তা প্রেরক কেন্দ্রীয় দপ্তর বিভাগ