দিনাজপুরে আদিবাসী পল্লীতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিপিবি
Posted: 27 জানুয়ারী, 2015
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে দিনাজপুরের পার্বতীপুরে আদিবাসী পল্লীতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের তীব্র নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, সরকার মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান করতে বারে বারে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এ ধরনের হামলার পিছনে গভীর রাজনৈতিক দুরভিসন্ধি রয়েছে। সাম্প্রদায়িক অপশক্তি সংখ্যালঘুদের উচ্ছেদে সব সময় সক্রিয়। শাসকশ্রেণির দলগুলো তাদেরকে রাজনৈতিকভাবে আশ্রয় দিচ্ছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে এ ধরনের হামলা কিছুতেই মেনে নেওয়া যায় না। দেশবাসীকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত হয়ে এসব হামলা প্রতিরোধ করতে হবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইকে অগ্রসর করতে হবে। যে রাজনীতি বাংলাদেশকে সাম্প্রদায়িকতার দিকে নিয়ে যেতে চায়, সেই রাজনীতিকে প্রত্যাখ্যান করতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আদিবাসী পল্লীতে হামলার সাথে যুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়া এবং ঘটনার বিচার দাবি করেন।
বার্তা প্রেরক
কেন্দ্রীয় দপ্তর বিভাগ