বিশ্বঐতিহ্য, বাংলাদেশের প্রাকৃতিক সুরক্ষাবর্ম সুন্দরবন বাঁচাতে সিপিবি-বাসদ’র আহ্বান ২৬ জানুয়ারি জনতার প্রতিরোধের কর্মসূচি হিসেবে রাজধানীতে অর্ধদিবস হরতাল সফল করুন

Posted: 24 জানুয়ারী, 2017

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ’র সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান আজ এক যৌথ বিবৃতিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকে ২৬ জানুয়ারি ২০১৭ ঢাকা শহরে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সর্বাত্মক হরতাল সফল করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, সুন্দরবন জাতীয় সম্পদ, বিশ্বঐতিহ্য এবং বাংলাদেশের প্রাকৃতিক সুরক্ষাবর্ম। কোনো অযুহাতে সুন্দরবনের সামান্য ক্ষতিও মেনে নেয়ার সুযোগ নেই। সেখানে ভারতের এনটিপিসিসহ দেশি-বিদেশি লুটেরাদের স্বার্থে সুন্দরবনবিনাশী রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাজ মহাজোট সরকার এগিয়ে নিচ্ছে। নেতৃবৃন্দ আরো বলেন, এই প্রকল্পের বিরুদ্ধে জাতীয় কমিটির নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন দেশের সর্বস্তরের মানুষের সমর্থন অর্জন করেছে। সুন্দরবন রক্ষার সংগ্রামে আগামী ২৬ জানুয়ারি, বৃহস্পতিবারের কর্মসূচিকে ‘জনতার হরতাল’ অভিহিত করে নেতৃবৃন্দ বলেন, নগরের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে হরতাল সফল হবে। রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলে সরকারকে বাধ্য করতে আগামী বৃহস্পতিবারের হরতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।