পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না
-সিপিবি-বাসদ
Posted: 14 জানুয়ারী, 2017
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পল্টন-গুলিস্তান-মতিঝিল এলাকায় হকারদের ব্যবসা করার যে সময়সীমা নির্ধারণ করে দিয়েছে, তার বিরোধিতা করে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা চলবে না বলে দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’রসভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান।
নেতৃবৃন্দ আজ এক বিবৃতিতে বলেছেন, ডিএসসিসি ঘোষণা দিয়েছে কর্মদিবসে সন্ধ্যে ৬টার পর একং ছুটির দিন হকাররা তাঁদের ব্যবসা পরিচালনা করতে পারবে। সিটি কর্পোরেশনের এ সিদ্ধান্ত নদী ভাঙা, গ্রাম থেকে উচ্ছেদ হওয়া হাজার হাজার শ্রমজীবী মেহনতি মানুষকে তাঁদের পেশা থেকে উচ্ছেদ করে দেবে। বিনা ভোটের এ সরকার দেশের লক্ষ লক্ষ বেকার যুবককে কর্মসংস্থানের পরিবর্তে যাঁরা স্বনিয়োজিত কর্মসংস্থানের মাধ্যমে নিজ এবং পরিবারের ভরণ-পোষণ করছেন, তাঁদেরকে উচ্ছেদের পাঁয়তারা করছে।
সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সংশ্লিষ্ট সকল মহলের সঙ্গে আলোচনার মাধ্যমে হকারদের সমস্যার সমাধান করতে হবে।