মিরপুরে শাহ আলী মাজারে হামলার সিপিবির তীব্র নিন্দা ও প্রতিবাদ

Posted: 15 মে, 2026

ঢাকার মীরপুরে শাহ আলী মাজারে সংগঠিত মব হামলায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন আজ ১৫ মে ২০২৬, শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, এই বর্বরোচিত হামলা প্রমাণ করেছে, সরকার ভিন্নমতাবলম্বী মানুষের জীবনের নিরাপত্তা প্রদানে সম্পূর্ণভাবে ব্যর্থ। এই ধরণের বর্বর হামলা সারা পৃথিবীর কাছে বাংলাদেশকে মধ্যযুগীয় অন্ধকারাচ্ছন্ন রাষ্ট্র হিসেবে পরিচিতি দিচ্ছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমানে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসীন। কিন্তু এখনও দেশে মব এবং পরিকল্পিত হামলা বন্ধ হয়নি। এগুলো প্রমাণ করে দেশে আইনের শাসন অনুপস্থিত। তারই সুযোগ নিয়ে দেশে ভিন্নমতের কণ্ঠ রোধ করা হচ্ছে। ইন্টেরিমের আমলে একের পর এক মাজারে মব হামলা হয়েছে। উগ্র ডানপন্থী মতাদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করছে। বিভিন্ন মাজারে সহিংস হামলার ঘটনা ঘটছে। যারা একের পর এক হত্যাকাণ্ডসহ এ ধরনের দুষ্কর্ম করে যাচ্ছে, মাজার ভাঙছে, মন্দির ভাঙছে, বাউলের আখড়ায় অগ্নিসংযোগ করছে, বাউলদের শারীরিকভাবে নির্যাতন করছে, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না। ফলে এসব ঘটনার কোনো বিচার তো হয়ই না বরং অনেক সময় ভুক্তভোগীকেই উল্টো জেল-জুলুম ভোগ করতে হচ্ছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে মিরপুরের শাহ আলী মাজারে হামলাকারীদের সিসিফুটেজ এবং ভিডিও দেখে মব সৃষ্টিকারী গোষ্ঠী, ইন্ধনদাতা এবং হামলাকারী সকল দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনা এবং দ্রুত বিচারের দাবি জানান। একইসঙ্গে সকল মাজার, দরবারসহ ঝুঁকিপূর্ণ ধর্মীয় ও অধ্যাত্মবাদী কেন্দ্রসমূহের নিরাপত্তা জোরদার করার দাবি জানানো হয়।