আজ গণমুক্তি ইউনিয়ন জামালপুর জেলার উদ্যোগে একতরফা নির্বাচনের তফসিল বাতিল ও আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের দাবিতে অনুষ্ঠিত মিছিলে পুলিশ ও স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে। এতে ১০/১২ জন নেতাকর্মী গুরুতর আহত হয় এবং তিনজনকে গ্রেফতার করা হয়।
বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক এবং বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্টের লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, সিপিবির সভাপতি কমরেড শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ-এর সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী এক যৌথ বিবৃতিতে হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, আবারও একতরফা নির্বাচন করে ক্ষমতায় আসার জন্য আওয়ামী সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন একতরফা নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। সকল বিরোধী মত দমনে হামলা, গ্রেফতারের পথ বেছে নিয়ে দেশকে একটি পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে।
নেতৃবৃন্দ অবিলম্বে হামলার বিচার ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান। একই সাথে একতরফা নির্বাচনী তফসিল বাতিল, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জোরদার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।