লিজ বা ব্যক্তিমালিকানায় নয়, আধুনিকায়ন করে বন্ধ রাষ্ট্রায়ত্ত্ব পাটকল চালু কর

Posted: 02 জুলাই, 2023

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বর্তমান ও অতীতের সরকারের রাষ্ট্রায়ত্ত্ব পাটকল বন্ধের সমালোচনা করে বলেছেন, লিজ বা ব্যক্তিমালিকানার নামে জাতীয় সম্পদ লুটপাট নয়, আধুনিকায়ন করে বন্ধ সব রাষ্ট্রায়ত্ত্ব পাটকল চালু করতে হবে।

২ জুলাই রাষ্ট্রায়ত্ত্ব পাটকল বন্ধের কালো দিবসে বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে বিক্ষোভ মিছিল সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্টন মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।

সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি ঢাকা দক্ষিণের নেতা সাইফুল ইসলাম সমীর, পাটকল শ্রমিক নেতা মো. গোফরান। সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. আনোয়ার হোসেন রেজা, আসলাম খান, ডা. সাজেদুল হক রুবেল প্রমুখ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

রুহিন হোসেন প্রিন্স বলেন, পাটকলে উৎপাদন না থাকলেও কর্মকর্তাদের প্রতি মাসে কয়েক কোটি টাকা বেতন দিচ্ছে। অথচ বদলী শ্রমিকসহ সকল 
শ্রমিকের পাওনা এখনো পরিশোধ করা হয়নি।

তিনি বলেন, বিশ্বে পরিবেশবান্ধব পাটের চাহিদা বেড়ে চলছে, অথচ দেশে এই শিল্পকে ক্ষতিগ্রস্ত করে প্লাস্টিকসহ পরিবেশ ধ্বংসকারী শিল্পকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এসব হচ্ছে সরকারের দেশবিরোধী, বিশ্বব্যাংক-আইএমএফ ও লুটেরা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য।

তিনি বলেন, সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়ে ৪ হাজার কোটি টাকা খরচ করা হয়- অথচ গরিব মধ্যবিত্তের জন্য রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু করা হলো না। ঋণ খেলাপীদের আবার ঋণ পাওয়ার সুযোগ করে দেওয়া হলো।

তিনি সরকারের দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করার আহ্বান জানান।