সিপিবি’র নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুল খালেক-এর মৃত্যুতে- সিপিবি কেন্দ্রীয় কমিটির শোক

Posted: 12 জুন, 2023

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির টাঙ্গাইল নাগরপুর উপজেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড আব্দুল খালেক (৮৮) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, কমরেড আব্দুল খালেক গত ১১ জুন, ২০২৩ রবিবার বিকেলে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগছিলেন। আজ ১২ জুন, নাগরপুরে দলীয় এবং রাষ্ট্রীয় সম্মান জানানো শেষে তাকে সমাহিত করা হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড আব্দুল খালেক-এর মৃত্যুতে পার্টি একজন নিবেদিতপ্রাণ কমিউনিস্টকে হারালো। কমরেড আব্দুল খালেক আমৃত্যু মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে তার জীবনকে নিবেদিত করে রেখেছিলেন।

বিবৃতিতে আরো বলা হয়, দেশবাসী ও সারাদেশের মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে নিবেদিত কর্মীরা কমরেড আব্দুল খালেক-এর অবদানকে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। 

বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত আব্দুল খালেক শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।