শ্রমিক নেতা কমরেড দেলোয়ার হোসেন-এর মৃত্যুতে সিপিবি’র শোক

Posted: 07 মে, 2023

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঢাকা মহানহর দক্ষিণের ডেমরা শাখার সম্পাদক প্রবীণ শ্রমিকনেতা কমরেড দেলোয়ার হোসেন-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড দেলোয়ারের মৃত্যুতে পার্টি একজন নিবেদিতপ্রাণ কমিউনিস্টকে হারালো। কমরেড দেলোয়ার হোসেন আমৃত্যু মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে তার জীবনকে নিবেদিত করে রেখেছিলেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো তা অপূরণীয়।

বিবৃতিতে বলা হয়, ৮০’র দশকের শুরু থেকে লতিফ বাওয়ানী পাটকলের শ্রমিক হিসেবে যোগ দেয়া কমরেড দেলোয়ার একজন আজীবন বিপ্লবী, পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা হত্যাকাণ্ডের শহীদ কমরেড আব্দুল হাশেমের সাথী এবং বহু সাহসী সংগ্রামের সংগঠক। আমৃত্যু তিনি পার্টির সার্বক্ষণিক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

বিবৃতিতে আরো বলা হয়, সারাদেশের মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে নিবেদিত কর্মীরা কমরেড দেলোয়ারের অবদানকে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

নেতৃবৃন্দ বলেন, কমরেড দেলোয়ারের মৃত্যুতে আমরা পার্টি পরিবার গভীর শোকাহত।

বিবৃতিতে নেতৃবৃন্দ কমরেড দেলোয়ারের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। উল্লেখ্য, সিপিবি ডেমরা শাখার সম্পাদক কমরেড দেলোয়ার হোসেন আজ দুপুর ১.৩০ মিনিটে বরিশালের বাকেরগঞ্জের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন।