মীর কাসেমের ফাঁসির রায় বহাল থাকায় সিপিবি’র সন্তোষ
অবিলম্বে জামাত-শিবির নিষিদ্ধ করার দাবি
Posted: 30 আগস্ট, 2016
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-াদেশ পাওয়া কুখ্যাত আল-বদর নেতা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সন্তোষ প্রকাশ করেছে।
সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে এই রায় দ্রুত কার্যকর এবং অবিলম্বে যুদ্ধাপরাধী সংগঠন জামাত-শিবির নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মীর কাসেম আলী একাত্তরে মানবতাবিরোধী জঘণ্য অপরাধের সঙ্গেই শুধু যুক্ত ছিলেন না, তিনি ছিলেন আল-বদর বাহিনী তথা যুদ্ধাপরাধীদের নেতা। স্বাধীনতার পরেও তিনি যুদ্ধাপরাধীদের নেতা হিসেবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নানা তৎপরতা চালিয়েছেন। তার মৃত্যুদ-াদেশ ন্যায়বিচারের পক্ষে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, ব্যক্তির পাশাপাশি যেসব রাজনৈতিক দল ও শক্তি যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আদালত কর্তৃক ঘোষিত যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামাত-শিবিরকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।