“প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে ন্যাক্কারজনক ঘটনার দায় সরকারকেই নিতে হবে”

Posted: 30 জুন, 2022

নড়াইলে শিক্ষক নির্যাতনের প্রতিবাদ জানাতে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার, সকাল সাড়ে ১১টায় নড়াইল জেলা প্রশাসকের সাথে দেখা করে কথা বলেন।

এরপর নেতৃবৃন্দ নড়াইল রেড ক্রিসেন্ট সোসাইটি মিলনায়তনে প্রতিবাদ ও মতবিনিময় সমাবেশে বক্তব্য রাখেন। এর আগে নেতৃবৃন্দ মির্জাপুর থেকে আসা বাসিন্দাদের সাথে কথা বলেন।

জেলা প্রশাসকের সাথে কথা বলার সময়, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী)’র সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নেতা শফিউর রহমান, ইউসিএলবি'র রনজিৎ চ্যাটার্জিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় নেতৃবৃন্দ, ঘটনার তদন্ত করে প্রকৃত দোষী ও নেপথ্যের হোতাদের খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

নেতৃবৃন্দ অধ্যক্ষকে যথাযথ মর্যাদায় দ্রুত কলেজে ফিরিয়ে নেওয়ার জন্য বিশেষ উদ্যোগের দাবি জানান।

নেতৃবৃন্দ স্থানীয় পর্যয়ে সম্প্রীতি সমাবেশ করা আর যাতে সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি না হতে পারে, তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, সমাজে সাম্প্রদায়িক প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এর থেকে উত্তরণে প্রতিনিয়ত অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, সমাজ অসহিষ্ণু হয়ে উঠেছে, ছাত্র শিক্ষককে পিটিয়ে মেরে ফেলেছে। এর থেকে উত্তরণে সচেতন সবাইকে এগিয়ে আসতে হবে। সর্বত্র মানুষের অংশগ্রহণ, গণতন্ত্র নিশ্চিত করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন ঘটনায় দেখা যাচ্ছে, এসব ঘটনায় স্বার্থান্বেষী মহল,ব্যাক্তি, গোষ্ঠী নিজস্ব স্বার্থ হাসিল করে, এজন্য ক্ষমতাসীন দলকে ব্যবহার করা হয়- এর থেকে প্রশাসনকে বেরিয়ে আসতে হবে। তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে ন্যাক্কারজনক এসব ঘটনার দায় সরকারকেই নিতে হবে। নেতৃবৃন্দ বিচারহীনতার বিরুদ্ধে ও সরকারের সাম্প্রদায়িকতা তোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।

প্রতিবাদ ও মতবিনিময় সভায় অধ্যাপক আব্দুস সাত্তার, রুহিন হোসেন প্রিন্স, ইকবাল কবীর জাহিদ, শফিউর রহমান, রনজিৎ চ্যাটার্জি, বি এম বরকতউল্লাহ, অঞ্জন রায়, তসলিম উর রহমান, মনিউর রহমান জিকু, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এস এ মতিন,কাজী ইসলাম হোসেন লিটন, সাইফুজ্জামান বাদশা, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু,কল্যান মুখার্জি, মলয় নন্দী প্রমুখ বক্তব্য রাখেন।

বাম জোটের কর্মসূচি

সভা থেকে অপরাধীদের শাস্তি ও দেশব্যাপী সম্প্রতি রক্ষার দাবিতে আগামী ৬ জুলাই দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।