‘যতটুকু সম্ভব ততটুকু উৎপাদন’ করলে ও ‘সিস্টেম লস’ কমিয়ে আনলে গ্যাস আমদানি ও দাম বৃদ্ধির প্রয়োজন হবে না

Posted: 19 মার্চ, 2022

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ ১৯ মার্চ ২০২২ এক বিবৃতিতে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের সংকটের সময়ে গ্যাসের দাম বৃদ্ধির আবেদন বিবেচনায় নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এর গণশুনানী আয়োজনের খবরে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ‘দাম বৃদ্ধির লক্ষ্যে গণশুনানী’ বন্ধের দাবি জানিয়েছেন। 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভুলনীতি, দুর্নীতি  পরিহার করে দেশের গ্যাস যথাযথভাবে ‘উত্তোলন ও অপচয় বন্ধ’ না করে গ্যাসকে আমদানি নির্ভর করে তোলা হয়েছে। এখন ‘স্পট মার্কেট’ থেকে বেশি দামে গ্যাস কিনে, দাম বাড়িয়ে আবার মানুষের পকেট কাটার চেষ্টা হচ্ছে। 

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, পেট্রোবাংলার হিসাব অনুযায়ী দৈনিক যতটুকু গ্যাস উত্তোলন সম্ভব ততটুকু উত্তোলন করলে এবং সিস্টেম লস অর্ধেকে আনতে পারলে স্পট মার্কেট থেকে গ্যাস কেনা ও গ্যাস আমদানির প্রয়োজন হতো না। অথচ এগুলো না করে কমিশন ভোগী ও লুটেরা ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় আরোও গ্যাস আমদানি ও দাম বাড়ানোর পথ নেওয়া হচ্ছে। 

নেতৃবৃন্দ বলেন, গ্যাসের দাম বাড়লে, বিদ্যুৎ এর দাম বাড়বে, পণ্য উৎপাদন খরচ বাড়বে। দ্রব্যমূল্যে অতিষ্ট সাধারণ মানুষের ওপর চাপ আরও বাড়বে। এটা মেনে নেওয়া হবে না। 

বিবৃতিতে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে, এ খাতে দুর্নীতি, অপচয়, অব্যবস্থা বন্ধে দাবিতে আন্দোলনে সামিল দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।

বিবৃতিতে গ্যাস খাতে ভুলনীতি-দুর্নীতির সাথে জড়িতদের শাস্তি দাবি করেন।