সিপিবি নেতা ডা. সাজেদুল হক রুবেলের গ্রেপ্তারের নিন্দা অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি

Posted: 23 নভেম্বর, 2021

বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা শিশু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্কসবাদী) ভারপ্রাপ্ত সমন্বয়ক কমরেড ফখরুদ্দিন কবীর আতিক ও সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি কমরেড হামিদুল হক আজ ২৩ নভেম্বর ২০২১ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. সাজেদুল হক রুবেলের গ্রেপ্তার ও ডিবি অফিসে নিয়ে হয়রানী করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রুবেলকে কোন ধরনের মামলা বা ওয়ারেন্ট ছাড়াই রাতের আধারে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে যা নাগরিকের সাংবিধানিক ও মানবাধিকারের চরম লংঘন। নেতৃবৃন্দ বলেন, গতকাল রুবেলকে গ্রেপ্তারের পর ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জিজ্ঞাসাবাদের নামে তাকে মানসিক নির্যাতন করা হয়।

নেতৃবৃন্দ সুনির্দিষ্ট অভিযোগে মামলা ও গ্রেপ্তারী পরোয়ানা ছাড়া রুবেলকে গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে রুবেলের নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সাথে দমন-পীড়ন-নির্যাতন ও হামলা-মামলা গ্রেপ্তার বন্ধের জোর দাবি জানান।