Posted: 15 মার্চ, 2021
ভাষা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, তেরশ্রী কে এন ইনস্টিটিশনের সাবেক প্রধান শিক্ষক, সিপিবি মানিকগঞ্জ জেলার সাবেক সভাপতি কমরেড আব্দুল হাকিম মাস্টারের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( সিপিবি )'র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ্ আলম গভীর শোক জানিয়েছে।
আজ ১৫ মার্চ এক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ কমরেড আব্দুল হাকিম মাস্টারের সংগ্রামী জীবনের উল্লেখ করে বাংলা ভাষা আন্দোলনের ও বাংলাদেশের মুক্তি সংগ্রামের তার বীরোচিত ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন কমরেড আব্দুল হাকিম ছাত্র জীবন থেকে এ দেশের মানুষের রাজনীতিক ও অর্থনৈতিক মুক্তির সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। কমিউনিস্ট পার্টির একজন সদস্য ও নেতা হিসাবে শ্রমজীবি, মেহনতী, সর্বহারা মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে তিনি এগিয়ে নিয়ে গেছেন।
নেতৃবৃন্দ বলেন একজন আদর্শবান শিক্ষক ও মানুষ গড়ার কারিগর হিসেবে তার ভূমিকা ঘিওর, দৌলতপুর এলাকার মানুষের স্মৃতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ কমরেড আব্দুল হাকিমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।